ভোলগা নদীর খোঁজে - ২৪ বেরিওজোভাইয়া পইমা
নিঝনি নভগোরাদ বা নিঝেগোরাদে আমাদের চেষ্টা ছিল আশেপাশের বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলা এবং এখানকার ইতিহাস সম্পর্কে জানা। দিলীপ তো এসেছে মূলত সেই উদ্দেশ্য নিয়ে। গঙ্গার তীরে যেমন বিভিন্ন সময় নতুন নতুন জনপদ গড়ে উঠেছে এবং তা যেভাবে ভারতের আর্থসামাজিক জীবনকে প্রভাবিত করেছে রাশিয়ায় ঠিক সেভাবেই ভোলগার তীরে গড়ে উঠেছে বিভিন্ন জনপদ এবং সেসব রাশিয়ায় আর্থসামাজিক জীবনে ঠিক একই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথম দিকে অনিচ্ছা থাকা সত্ত্বেও দিলীপ একটু একটু করে বুঝতে পেরেছে যে পুরানো ইতিহাস জানতে হলে উপাসনালয়ে না গিয়ে উপায় নেই। তার আরও একটা কারণ ছিল। প্রথমত এসব ইতিহাস জানা যায় একাডেমিশিয়ানদের কাছে থকে, কিন্তু এই মুহূর্তে তারা গ্রীষ্মের ছুটিতে। পয়লা সেপ্টেম্বর থেকে এখানে শিক্ষা বর্ষ শুরু হয়, তাই ফিরে এলেও আগামী কিছুদিন তারা ভীষণ ব্যস্ত থাকবেন, তাই ওমুখো হওয়া এখন অর্থহীন। তাহলে বাকি রইল বয়স্ক মানুষ। তাদের কোথায় পাওয়া যাবে গির্জা ছাড়া? তাই যে লোকের কাছে আমরা বাসা ভাড়া নিয়েছিলাম তাকে আমাদের উদ্দেশ্য বুঝিয়ে বললে তিনি কয়েকটি জায়গায় যেতে বলেন। এর একটি ছিল শহরের মধ্যে পেচরস্কি মনাস্তির ...