ভোলগা নদীর খোঁজে – ৫৪ মামায়েভ কুরগান
মামায়েভ কুরগান ঐতিহাসিক ভাবেই ভোলগাগ্রাদের এক বিশেষ এলাকা যদিও স্তালিনগ্রাদের যুদ্ধের পর থেকে সে একেবারেই ভিন্ন রূপ নিয়েছে। সেখানকার «রদিনা মাত জাভিওত» বা জননী জন্মভূমি ডাকছে নামক মাতৃ মূর্তি এক ভিন্ন বার্তা নিয়ে আসে মানুষের কাছে। রদিনা মাত মানে জন্মভূমি মা, তবে আমার মনে হয় জননী জন্মভূমি নামই বাংলায় সঠিক, তাই সেভাবেই লিখব। আমরা এর আগে চেবকসারির মাতৃ মূর্তির কথা বলেছি। সেটা ছিল এক সাধারণ মায়ের মূর্তি। কিন্তু এখানে সেটা ঠিক সে রকম নয়। লক্ষ্মী বা সরস্বতীর মত রূপ নয় তাঁর, তিনি হিন্দু পুরানের দুর্গা বা কালীর মত। তলোয়ার হাতে উদাত্ত কণ্ঠে সন্তানদের আহ্বান জানাচ্ছেন শত্রুর হাত থেকে তাঁকে রক্ষা করার জন্য। কুরগান শব্দটি এসেছে কুরগন নামক তুর্ক শব্দ থেকে। এর অর্থ টিলা বা ছোট পাহাড় যা সাধারণত সমাধি হিসেবে ব্যবহৃত হয়। যেকোনো সমাধি যা কিনা মাটি, পাথর ইত্যাদির ঢিপির কথা মনে করিয়ে দেয় সেটাই কুরগান। সে হিসেবে মিশরের পিরামিডও এক ধরণের কুরগান। মামায়েভ কুরগানে আমরা যাই ২০২১ সালের ৫ সেপ্টেম্বর। সেটা ছিল আমার কাছে অনেকটা তীর্থে যাবার মত। এখানকার স্মৃতিসৌধ সম্পর্কে অনেক শুনেছি, অনেক ছবি দেখেছি। এবারই প্রথ...