ভোলগা নদীর খোঁজে – ৬৩ এলিস্তার বৌদ্ধ বিহারে
এলিস্তা অনন্য তার ভিন্ন রকমের গঠনশৈলীর জন্য। আর এটা প্রায় পুরোটাই জড়িত বৌদ্ধ সংস্কৃতির সাথে। বাড়িঘর, রাস্তাঘাটে তার ছোঁয়া সর্বত্র। তবে সেখানে যে কালমিকির মরুভূমির ছাপ নেই তাও কিন্তু নয়। যার ফলে দীর্ঘ ৪০ বছর ইউরোপিয়ান স্থাপনা দেখে অভ্যস্ত চোখ প্রথমে বিশ্বাসই করতে চায় না রাশিয়ায় এমনটি সম্ভব। তবে এটাও সত্য – এসব মূলত নতুন রাশিয়ায় তৈরি। সোভিয়েত আমলে এ ধরণের স্থাপনার কথা কল্পনার বাইরে ছিল। পরের দিন শহরের দর্শনীয় স্থানগুলো দেখেই আমরা সময় কাটাবো বলে ঠিক করলাম। এখন আর ভোলগা তীরের বাসিন্দাদের সাক্ষাৎকার নেবার তাড়া নেই। শুধুই মনের আনন্দে ঘুরে বেড়িয়ে সময় কাটানো। বাড়ি ফেরার মেজাজ সবার মধ্যে। রিল্যাক্স! আমরা প্রথমেই গেলাম আলতন সুমে বা বুদ্ধ শাক্যমুনির স্বর্ণ ভবনে। এটা কালমিকি তো বটেই ইউরোপের সবচেয়ে বড় প্যাগোডার একটি। এই প্যাগোডার উচ্চতা ৬৩ মিটার যার ভেতরে রয়েছে ৯ মিটার উঁচু বুদ্ধের মূর্তি। এটা রাশিয়া ও ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তি। ইউরোপের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি রয়েছে কালমিকির অন্য এক শহর লাগানে। লেনিন স্ট্রীটের পুরানো সিমেন্ট কারখানার স্থানে এই প্যাগোডা তৈরি করা হয়। তিব্বত, মঙ্গোল ও রু...