ভোলগা নদীর খোঁজে – ৮০ দুবনা – আধুনিক কাল
আমি দুবনা আসি ১৯৯৪ সালে। তখন সমস্ত রাশিয়ায় বাজার অর্থনীতি চালু হয়ে গেছে। রাজত্ব করছে বন্য পুঁজিবাদ। সোভিয়েত ইউনিয়নের রাস্তা ঘাট সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাজার অর্থনীতির পাল্লায় পড়ে সব রাস্তা ঘাট ভরে গেছে স্তূপীকৃত মালামাল আর ময়লায়। মস্কো পরিণত হয়েছে বিশাল এক নোংরা বস্তিতে। ঠিক এই সময় দুবনায় এসে মনে হল আবার যেন সোভিয়েত ইউনিয়নে ফিরে এলাম। সব পরিষ্কার পরিচ্ছন্ন, দোকানপাট সোভিয়েত ইউনিয়নের দোকানপাটের মত ফাঁকা। বর্তমান দুবনা প্রথমে তভের অঞ্চলের অংশ ছিল আর যখন সোভিয়েত সরকার দুবনা প্রতিষ্ঠা করে মানে ১৯৫৬-১৯৫৮ সালে এটা ছিল কালিনিন (বর্তমানে পুনরায় তভের) প্রদেশের অন্তর্ভুক্ত। পরে তা মস্কো প্রদেশের অন্তর্ভুক্ত করা হয়। ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি পারমানবিক বোমা তৈরির প্র্যাক্টিক্যাল কাজ শুরু করার একটি গোপন নির্দেশ জারি করা হয় সোভিয়েত সরকারের পক্ষ থেকে। ধরে নিতে পারি এটা ঘটে মার্কিন প্রেসিডেন্ট গ্যারি ট্রুম্যান স্তালিনকে পারমাণবিক বোমা সম্পর্কে অবহিত করার পরপরই। এটা ছিল সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক প্রোজেক্ট। ১৯৪৬ সালের ১৩ আগস্ট সোভিয়েত সরকার একটি শক্তিশালী সাইক্লোট্রন তৈরি...